তরুণ উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা ও পথ দেখাতে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যাঁরা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাঁদের জন্য পথটি অনেক চ্যালেঞ্জিং ও কষ্টের হতে পারে। তবে প্রবল ইচ্ছাশক্তি থাকলে যেকোনো কঠিন কাজ সম্পন্ন করা সম্ভব। উদ্যোক্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে পাশে থাকার চেষ্টা করবে।
দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ ও সমাজের সামগ্রিক কল্যাণে উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে লাখো উদ্যোক্তার প্রয়োজন রয়েছে। অনুষ্ঠানে দেশের ৮টি বিশ্ববিদ্যালয়ের ২৩০ জনের বেশি শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন পর্যায়ের সফল উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের পথ চলা কঠিন হলেও সরকার তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।


0 Comments