ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীদের সাথে এক আনন্দঘন সময় অতিবাহিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার সকাল ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে ‘ডিএমসি ডে-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তাঁরা এই হোস্টেল পরিদর্শনে যান। উল্লেখ্য, ডা. জুবাইদা রহমান তাঁর ছাত্রজীবনে এই হোস্টেলে অবস্থান করতেন।
স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অতীতে যখন ডা. জুবাইদা রহমানকে মেডিকেলে নিয়ে আসতেন, তখন তাঁকে গাড়ির সামনের সিটে বসিয়ে আনতেন। আজও আসার পথে তাঁকে সামনের আসনেই বসতে বলেছেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রধানমন্ত্রী তাঁদের নিজ নিজ অবস্থানে প্রতিষ্ঠিত হওয়ার দোয়া করেন।
নিজের শিক্ষাজীবনের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. জুবাইদা রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনের চড়াই-উতরাইয়ে অনেক বাধা আসবে, তবে মনের ভেতর ক্ষোভ পুষে না রেখে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তিনি ঢাকা মেডিকেল কলেজকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন যাতে সারা বিশ্ব এখানকার চিকিৎসাসেবা নিয়ে গর্ব করতে পারে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হোস্টেলের মূল ফটকে আগে থেকেই শিক্ষার্থীরা ভিড় জমান। প্রিয় ব্যক্তিত্বদের কাছে পেয়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের সাথে শিক্ষার্থীরা সেলফি তোলেন।
ঢাকা মেডিকেল কলেজের কাজী ফজলুল হক মহিলা হোস্টেলে স্মৃতিচারণায় মাতলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। ডিএমসি ডে-তে শিক্ষার্থীদের সাথে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি শোনালেন পুরনো দিনের গল্প।


0 Comments