ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর আছড়ে পড়ল কনটেইনার, তদন্তে বিশেষ কমিটি

চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর আছড়ে পড়ল কনটেইনার, তদন্তে বিশেষ কমিটি

চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালে (সিসিটি) জাহাজ থেকে মালামাল খালাসের সময় একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে আটটার দিকে ৩ নম্বর জেটিতে ক্রেনের তার ছিঁড়ে একটি ৪০ ফুট দীর্ঘ কনটেইনার নিচে থাকা প্রাইম মুভার ট্রেইলারের ওপর আছড়ে পড়ে। এতে কনটেইনারটি ফেটে গিয়ে ভেতরে থাকা বিশাল আকারের বেশ কিছু কাঠের গুঁড়ি বাইরে ছিটকে পড়ে। দুর্ঘটনায় কনটেইনার, গ্যান্ট্রি ক্রেন ও ট্রেইলার ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বন্দর কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিসিটির ৩ নম্বর জেটিতে নোঙর করা ‘চ্যাং হাই’ জাহাজ থেকে ৪ নম্বর গ্যান্ট্রি ক্রেনের মাধ্যমে আমদানি করা কনটেইনারটি নামানো হচ্ছিল। এ সময় হঠাৎ স্প্রেডারের তার ছিঁড়ে গেলে এই বিপত্তি ঘটে। তবে দুর্ঘটনাস্থল ছাড়া বন্দরের অন্য সব জেটিতে কনটেইনার ওঠানো-নামানোসহ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। কী কারণে স্প্রেডারের তার ছিঁড়েছে, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কারিগরি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, শনিবার রাতেই দুর্ঘটনাকবলিত কনটেইনার অপসারণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি উদ্ধারের কাজ শুরু হয়েছে এবং রোববার সকাল থেকে গ্যান্ট্রি ক্রেনটির মেরামতকাজ শুরু করার কথা রয়েছে।

সংক্ষেপে:
চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর আছড়ে পড়ল বিশাল কনটেইনার। এতে মালামাল ও যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার কারণ অনুসন্ধানে বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দরে ক্রেনের তার ছিঁড়ে ট্রেইলারের ওপর আছড়ে পড়ল কনটেইনার, তদন্তে বিশেষ কমিটি

0 Comments