বিদেশের মাটিতে গড়ে ওঠা বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের কেরালার বাসিন্দা ইসমাঈল। ৩৫ বছর আগে বন্ধুর কাছ থেকে নেওয়া মাত্র ১ হাজার টাকা ঋণের বিপরীতে তিনি ২৫ হাজার রুপি ফেরত দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত ১৯৯১ সালে সৌদি আরবের আবকাইক শহরে। সেখানে কাজ করার সময় কেরালার ইসমাঈল ও তেলেঙ্গানার এডলা লাচান্নার মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। তারা আরও কয়েকজন প্রবাসীর সঙ্গে প্রায় পাঁচ বছর একই বাসায় বসবাস করেছিলেন। সেই সময় প্রয়োজনের তাগিদে ইসমাঈল তার বন্ধু লাচান্নার কাছ থেকে ১২০ সৌদি রিয়াল ধার নিয়েছিলেন, যার তৎকালীন ভারতীয় মূল্য ছিল প্রায় ১ হাজার রুপি। সামর্থ্য হলে এই অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
পরবর্তীতে লাচান্না ভারতে ফিরে এলে এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় দুই বন্ধুর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দীর্ঘ সময় পার হলেও ইসমাঈল সেই ধারের কথা ভুলে যাননি। সম্প্রতি তিনি তার পুরোনো বন্ধুকে খুঁজে বের করার উদ্যোগ নেন। লাচান্নার ফোন নম্বর বা সঠিক ঠিকানা না থাকলেও তিনি জানতেন বন্ধুটি তেলেঙ্গানার জগতিয়াল জেলার ধর্মপুরীর বাসিন্দা। স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ অনুসন্ধানের পর তিনি বন্ধুর সন্ধান পান।
বর্তমানে লাচান্না পুনরায় কাজের প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে অবস্থান করায় ইসমাঈল তার পরিবারের হাতে ২৫ হাজার রুপি তুলে দেন। পরে দুই বন্ধুর মধ্যে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা হয়। লাচান্না জানান, ৩৫ বছর আগে দেওয়া সামান্য অর্থের বিপরীতে এত বড় অংকের টাকা ফেরত পেয়ে তিনি বিস্মিত ও অভিভূত। তিনি ইসমাঈলকে একজন সৎ ও মহৎ হৃদয়ের মানুষ হিসেবে আখ্যায়িত করেন এবং এই ঘটনাকে তাদের বন্ধুত্বের দৃঢ়তার প্রতিফলন বলে উল্লেখ করেন।
৩৫ বছর আগে নেওয়া ১ হাজার টাকা ঋণের বিপরীতে ২৫ হাজার রুপি ফেরত দিয়ে বন্ধুত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ভারতের এক ব্যক্তি। দীর্ঘ সময় পর বন্ধুকে খুঁজে বের করে তিনি এই অর্থ পরিশোধ করেন।


0 Comments