দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের হাতছানি স্পেনের সামনে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে হাইভোল্টেজ ফাইনালে লড়বে তারা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে মাঠে উপস্থিত থাকছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিজিয়া এবং রাজপরিবারের সদস্যরা। তবে দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে গ্যালারিতে থাকতে পারছেন না ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য জোয়ান ক্যাপদেভিলা।
যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রয়োজনীয় ভ্রমণ অনুমতি বা ‘ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথোরাইজেশন’ (ESTA) না পাওয়ায় বিপাকে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সাবেক ডিফেন্ডার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে সহায়তা চেয়েছেন। ক্যাপদেভিলা জানান, সন্তানদের নিয়ে এই ঐতিহাসিক ম্যাচটি উপভোগ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, কিন্তু তার আবেদনটি প্রত্যাখ্যান করা হয়েছে।
স্প্যানিশ রেডিও স্টেশন ‘কোপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সন্দেহ প্রকাশ করেন যে, ২০১৬ সালে ইরানে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কারণেই হয়তো তাকে এই অনুমতি দেওয়া হয়নি। সে সময় তিনি ‘লা লিগা লিজেন্ডস’ দলের হয়ে তেহরানে একটি ম্যাচ খেলেছিলেন। উল্লেখ্য, এর আগে সোমালি রেফারি ওমর আরতানকেও একই কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পাননি স্পেনের সাবেক তারকা জোয়ান ক্যাপদেভিলা। সন্তানদের নিয়ে মাঠে বসে খেলা দেখার জন্য তিনি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা চেয়েছেন।


0 Comments