চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ ও প্রথম আলোর যৌথ আয়োজনে এই বৈঠকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা হেপাটাইটিস প্রতিরোধে স্ক্রিনিং ও জনসচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বীকন ফার্মাসিউটিক্যালস এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার হিসেবে যুক্ত ছিল। বৈঠকে জানানো হয়, বাংলাদেশে প্রায় এক কোটি মানুষ হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত। চমেক হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান অধ্যাপক এরশাদ উদ্দিন আহমদ বলেন, অধিকাংশ আক্রান্ত ব্যক্তিই জানেন না তারা এই ভাইরাস বহন করছেন। তাই লিভার সিরোসিস ও ক্যানসারের ঝুঁকি কমাতে দ্রুত রোগ শনাক্ত করা প্রয়োজন। হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আধুনিক চিকিৎসায় হেপাটাইটিস সি এখন সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং হেপাটাইটিস বি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক বিনয় পাল বলেন, সাধারণ লিভার ফাংশন টেস্টে এই রোগ ধরা পড়ে না, এর জন্য নির্দিষ্ট স্ক্রিনিং প্রয়োজন। বিশেষ করে গর্ভবতী নারী ও ডায়ালাইসিস রোগীদের নিয়মিত পরীক্ষা করা উচিত। অধ্যাপক এস এম আলী হায়দার হেপাটাইটিস বি প্রতিরোধের জন্য টিকাদানের ওপর জোর দেন। সহযোগী অধ্যাপক মোস্তফা নূর মহসীন রোগটি নিয়ে প্রচলিত সামাজিক ভুল ধারণা ও বৈষম্য দূর করার আহ্বান জানান। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন নিরাপদ পানি ও খাদ্যের গুরুত্ব তুলে ধরেন। কলেজের উপাধ্যক্ষ আবদুর রব ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূলে সম্মিলিত প্রচেষ্টার কথা বলেন। সিএসসিআরের জ্যেষ্ঠ কনসালট্যান্ট শামীম বকস নিয়মিত ফলোআপের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চমেক হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক প্রধান মো. আবদুল কাদের, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান মোহাম্মদ ইউসুফ, বিশেষজ্ঞ চিকিৎসক মো. তাসবীরুল হাসান, আবদুল মুমিন, সহকারী অধ্যাপক মোহাম্মদ আবু ফয়সাল এবং বীকন ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক দেবাশীষ সাহা। প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় বক্তারা নিরাপদ রক্ত সঞ্চালন ও জীবাণুমুক্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের ওপর গুরুত্ব দেন।
হেপাটাইটিস বি ও সি অনেক ক্ষেত্রে উপসর্গ ছাড়াই শরীরে থাকে। লিভার সিরোসিস ও ক্যানসার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিং ও সচেতনতা জরুরি। চমেক হাসপাতালে আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন পরামর্শ দেন বিশেষজ্ঞরা।


0 Comments