বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আগামীকাল সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া উপজেলা পরিদর্শনে আসছেন। সফরকালে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং পানিবন্দি মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি খাদ্যসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করবেন। রবিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ইকবাল কনভেনশন হল প্রাঙ্গণ থেকে প্রতিমন্ত্রীর কর্মসূচি শুরু হবে। এরপর তিনি বন্যাদুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেবেন। সম্প্রতি চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত শুক্রবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বন্যাকবলিত এলাকায় পরিচালিত উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবেন। এছাড়া বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, স্থানীয় প্রশাসনের মজুত ত্রাণসামগ্রীর অবস্থা মূল্যায়ন এবং প্রয়োজনীয় সুপারিশ করার দায়িত্বও তাকে দেওয়া হয়েছে। এই কাজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থা তাকে প্রশাসনিক ও কারিগরি সহায়তা প্রদান করবে।
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিস্তীর্ণ এলাকা বর্তমানে পানিতে নিমজ্জিত রয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সরেজমিন সফর ও ত্রাণ কার্যক্রমকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন এবং দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদারের প্রত্যাশা করছেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আসছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং পুনর্বাসন কার্যক্রম তদারকি করবেন।


0 Comments