সরকার প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রশাসনিক সক্ষমতা বাড়াতে নতুন নীতিমালা ও মূল্যবোধনির্ভর কারিকুলাম তৈরির উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (২৬ জুলাই) সিলেট নগরের পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, দেশের আটটি বিভাগে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সিলেট থেকে এই কার্যক্রমের সূচনা হয়েছে।
ববি হাজ্জাজ বলেন, উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে হুবহু অনুকরণ না করে বাংলাদেশের বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি ফলাফলভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। নতুন কারিকুলামে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধের পাশাপাশি শতভাগ ‘ফাউন্ডেশনাল লার্নিং’ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রস্তাবিত নতুন নীতিমালার প্রথম খসড়া আগামী ১৭ আগস্টের মধ্যে তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষকদের বেতন কাঠামো প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নীতিমালা চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও জীবনমান উন্নয়নে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। মিড-ডে মিল কর্মসূচি সম্পর্কে তিনি জানান, বর্তমানে এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং ২০২৭ সালের শুরু থেকে সারা দেশে এটি চালুর পরিকল্পনা আছে। এছাড়া ২০২৮ সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নীতিমালার আওতায় এনে তাদের কারিকুলাম, অবকাঠামো ও শিক্ষা ক্যালেন্ডার নিয়মিত তদারকি করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখওয়াত এরশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদ রানা। অনুষ্ঠানে সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেটে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ২০২৭ সাল থেকে সারা দেশে মিড-ডে মিল চালু এবং ২০২৮ সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নীতিমালার আওতায় আনা হবে।
-6a65fbfa47b0a.webp)

0 Comments