উখিয়া ও টেকনাফ সীমান্তে চলমান অপহরণ, মানবপাচার এবং বিভিন্ন সীমান্ত অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব জিয়াউদ্দিনের সঙ্গে বৈঠক করেছে ‘নিরাপদ সীমান্ত আন্দোলন টেকনাফ–উখিয়া’র একটি প্রতিনিধিদল। রোববার (২৬ জুলাই) দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিনিধিদলের পক্ষ থেকে এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বিভাগীয় কমিশনার জনাব জিয়াউদ্দিন স্মারকলিপিটি গুরুত্বের সাথে পর্যালোচনা করেন এবং আন্দোলনকারীদের দাবিগুলোকে জনস্বার্থ সংশ্লিষ্ট ও যৌক্তিক বলে অভিহিত করেন। তিনি আশ্বস্ত করেন যে, এসব দাবি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আসন্ন নীতি-নির্ধারণী সভায় সীমান্ত এলাকার নিরাপত্তা ও এই দাবিগুলো তিনি গুরুত্বের সাথে উপস্থাপন করবেন।
সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে তিনি জানান, স্থানীয় পর্যায়ে সেনাবাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি নতুন ব্যাটালিয়ন স্থাপনের বিষয়টি ইতিবাচক বিবেচনায় রয়েছে। এ ব্যাপারে উচ্চপর্যায়ে প্রয়োজনীয় আলোচনার প্রতিশ্রুতি দেন তিনি।
উক্ত বৈঠকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী রুবায়েত হোসাইন ও রবিউল হাসান মামুন, আইআইইউসির শিক্ষার্থী চৌধুরী সীয়াম ইলাহি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুজ্জামান এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রামের শিক্ষার্থী শফিউল বশর। প্রতিনিধিদলের সদস্যরা কমিশনারের ইতিবাচক আশ্বাসের জন্য ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে নাফ নদীকেন্দ্রিক অপরাধ বন্ধ হয়ে সীমান্তে শান্তি ফিরে আসবে।
টেকনাফ ও উখিয়ার সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপহরণ ও মানবপাচার বন্ধে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে ৬ দফা দাবি জানিয়েছে নিরাপদ সীমান্ত আন্দোলন। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন কমিশনার।


0 Comments