চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৫টায় শুরু হওয়া এই বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনা প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গ্রেট হল অব দ্য পিপলের অভিবাদন মঞ্চে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন ও তোপধ্বনির মাধ্যমে তাকে সম্মান জানানো হয়। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন এবং নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ হাসান আল মাহমুদ তিতুমীর এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারি সূত্র অনুযায়ী, এই বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাণিজ্য ও বিনিয়োগের প্রসার, অবকাঠামো উন্নয়ন, নদী ব্যবস্থাপনা এবং জ্বালানি সহযোগিতার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চীন সফর। এর আগে গত ২১ জুন মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন এবং বুধবার হাই-স্পিড ট্রেনে বেইজিং পৌঁছান। উল্লেখ্য, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তিনি সর্বশেষ চীন সফর করেছিলেন।
বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছে এই বৈঠকে।


0 Comments