প্রেমের টানে চীন থেকে রংপুরে এসে বিপাকে বিদেশি যুবক, মিলছে না প্রেমিকার খোঁজ

ভালোবাসার টানে সুদূর চীন থেকে রংপুরের মাটিতে পা রেখেছেন এক চীনা নাগরিক। তবে কাঙ্ক্ষিত প্রেমিকার মোবাইল ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে না পেয়ে বিপাকে পড়েছেন তিনি। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে ওই বিদেশি নাগরিককে ঘোরাঘুরি করতে দেখেন শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, প্রেমের সম্পর্কের সূত্র ধরেই তিনি রংপুরে এসেছেন। ওই চীনা নাগরিক জানান, রংপুরের সামিয়া নামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তার সঙ্গেই দেখা করতে তিনি বাংলাদেশে ছুটে এসেছেন। কিন্তু এখানে পৌঁছানোর পর থেকেই ওই তরুণীর মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছেন তিনি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই বনমালী জানান, প্রেমের টানে এই চীনা নাগরিক বাংলাদেশে এলেও বর্তমানে প্রেমিকার সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একটি সম্ভাব্য ঠিকানা পাওয়া গেছে যা নগরীর মাহিগঞ্জ এলাকায় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নিরাপত্তার স্বার্থে তাকে পুনরায় ঢাকায় ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এবং দ্রুতই তাকে বাসে তুলে দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংক্ষেপে:
ভালোবাসার টানে চীন থেকে রংপুরে এসে বিপাকে পড়েছেন এক বিদেশি নাগরিক। প্রেমিকার ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে না পেয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আশ্রয় নেন তিনি। পুলিশ তাকে ঢাকায় ফেরত পাঠানোর ব্যবস্থা করছে।
প্রেমের টানে চীন থেকে রংপুরে এসে বিপাকে বিদেশি যুবক, মিলছে না প্রেমিকার খোঁজ