ইসরায়েলে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এখনই পাল্টা সামরিক পদক্ষেপ না নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ওয়াশিংটনকে আরও কয়েক দিন সময় দেওয়ার জন্য নেতানিয়াহুকে অনুরোধ করেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হয়। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ফোনালাপের সময় ট্রাম্প বিশ্বাস প্রকাশ করেছেন যে আলোচনার মাধ্যমে একটি ভালো সমাধান অর্জনের খুব কাছাকাছি রয়েছেন তারা।
শুরুতে নেতানিয়াহু এই সিদ্ধান্তের বিরোধিতা করে ইরানে হামলার অনুমতি পেতে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি মার্কিন প্রেসিডেন্টের অনুরোধে এক প্রকার সম্মতি দেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ফোনালাপকে আগের তুলনায় অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। ট্রাম্প মনে করেন, গত তিন মাস ধরে চলা এই প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই মুহূর্তে কোনো হামলা সম্ভাব্য চুক্তিকে ঝুঁকিতে ফেলতে পারে।
এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ নিউজের তথ্যমতে, পাল্টা হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং নেতানিয়াহু নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলায় হোয়াইট হাউসের কোনো সম্মতি ছিল না, যা ইরানকে এই আক্রমণে উসকে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানে পাল্টা হামলা থেকে বিরত থাকতে ট্রাম্পের অনুরোধে রাজি হয়েছেন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে কূটনৈতিক চুক্তির জন্য সময় চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

0 Comments