নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় একটি পিকনিক অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ঘিরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। তিনি দাবি করেছেন, তার বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি মহল।
এক বিবৃতিতে এনামুল হক বলেন, গত ১০ মে ২০২৬, রবিবার আজিজনগর চেয়ারম্যান লেকে চকরিয়া উপজেলা বিএনপি, পেকুয়া উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির উদ্যোগে একটি পিকনিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দলের সিনিয়র নেতৃত্ব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং তৃণমূলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “জনগণের বিরুদ্ধে কোনো আমলা বা প্রশাসনের কেউ দায়িত্বহীন আচরণ করলে, বিধি মোতাবেক জনগণকে সহযোগিতা না করলে কিংবা সাধারণ মানুষকে হয়রানির শিকার করলে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া কোনো অন্যায় নয়।”
এনামুল হকের অভিযোগ, তার বক্তব্যকে বিকৃত করে বিভ্রান্তিকর ভিডিও ও সংবাদ প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে রাজনৈতিকভাবে তাকে ও চকরিয়া উপজেলা বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, গত ১৭ বছরে প্রশাসনের কিছু অসাধু চক্রের মাধ্যমে সাধারণ জনগণকে অবমূল্যায়ন ও হয়রানির যে সংস্কৃতি তৈরি হয়েছিল, চকরিয়ার সচেতন জনগণ সেই অন্যায় ও বৈষম্যমূলক আচরণ আর মেনে নেবে না। জনগণের অধিকার, সম্মান ও ন্যায্য দাবির পক্ষেই তার বক্তব্য ছিল বলে দাবি করেন তিনি।
এনামুল হক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের ভোট ও ভালোবাসার শক্তিতে রাজনীতি করে। তাই জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় সোচ্চার থাকবে এবং জনগণের পক্ষে কথা বলবে।”
তিনি আরও অভিযোগ করেন, চকরিয়ায় জননেতা সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির শক্তিশালী অবস্থানে রাজনৈতিকভাবে পরাজিত হয়ে বিরোধী অপশক্তি মিথ্যাচার, অপপ্রচার ও নোংরা রাজনীতির আশ্রয় নিয়েছে।
বিবৃতির শেষাংশে এনামুল হক বলেন, “চকরিয়া উপজেলা বিএনপি এবং আপামর জনসাধারণ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক সিদ্ধান্ত ও নেতৃত্বের প্রতি আস্থাশীল। জনগণই আমার শক্তি, জনগণই আমার বিশ্বাস ও আস্থা।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে, তাই জনগণের পক্ষে বিএনপি কথা বলবে। চকরিয়ার মাটিতে কোনো পরাজিত অপশক্তি, ষড়যন্ত্রকারী গোষ্ঠী কিংবা গুপ্ত রাজনীতির নোংরা চক্রান্ত সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।
চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন। তিনি বলেন, জনগণের অধিকার, সম্মান ও বৈধ দাবির পক্ষে কথা বলাই ছিল তার বক্তব্যের মূল উদ্দেশ্য। রাজনৈতিকভাবে বিএনপির শক্তিশালী অবস্থানকে দুর্বল করতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

0 Comments