বাংলাদেশে চাকরিপ্রার্থীদের জন্য নির্দিষ্ট পদের সঠিক বেতন জানার কোনো পাবলিক রেফারেন্স পয়েন্ট না থাকায় প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। এই সমস্যার সমাধানে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে অ্যানোনিমাস স্যালারি ট্রান্সপারেন্সি প্ল্যাটফর্ম ‘বেতন কেমন’। এই প্ল্যাটফর্মটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের পে ট্রান্সপারেন্সি ব্যবস্থাকে প্রতিটি চাকরিপ্রার্থীর হাতের নাগালে নিয়ে আসা।
এই প্ল্যাটফর্মে কোনো লগইন বা পরিচয় প্রকাশ ছাড়াই ব্যবহারকারীরা তাদের কোম্পানি, পদবি, অভিজ্ঞতা এবং বেতনের তথ্য শেয়ার করতে পারবেন। ফলে যে কেউ যেকোনো প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ করলেই সেখানকার বেতন কাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ইশমাম চৌধুরী জানান, চাকরিপ্রার্থীরা সাধারণত একটি অনুমান নিয়ে ইন্টারভিউ দিতে যান, কিন্তু এই প্ল্যাটফর্ম সেই অনুমানকে বাস্তব সংখ্যায় রূপান্তর করবে। যার পেছনে রয়েছে ওই পদে পূর্বে কাজ করা শত শত মানুষের অভিজ্ঞতা।
বর্তমানে এটি ইশমাম চৌধুরী ও ‘গ্রো ইয়োর ক্যারিয়ার’-এর প্রতিষ্ঠাতা রাইয়ান এহাব শামসের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে। চালুর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটি ব্যাপক সাড়া পেয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষায় কোনো আইপি বা ই-মেইল সংরক্ষণ করা হয় না, ফলে তথ্যের উৎস খুঁজে বের করা অসম্ভব। বর্তমানে প্ল্যাটফর্মটিতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সার্চ সুবিধা এবং প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও বোনাসের মতো বেনিফিট ডেটা দেখার সুযোগ রয়েছে। ভবিষ্যতে এতে ইয়ার-অন-ইয়ার স্যালারি ভিউসহ আরও নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
বাংলাদেশে চাকরিপ্রার্থীদের জন্য চালু হলো প্রথম স্যালারি ট্রান্সপারেন্সি প্ল্যাটফর্ম বেতন কেমন। পরিচয় গোপন রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন কাঠামো সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে এই সাইটে।

0 Comments