ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

দেশজুড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: এক সপ্তাহে গ্রেপ্তার ৩৮৪ জন

সিবি ডেক্স: দেশের চলমান অস্থির পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৮৪ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের আওতাধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একযোগে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসী, অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত রয়েছে।

অভিযানে ৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৩টি গোলাবারুদ, ৩টি ককটেল, ৬টি কার্তুজ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, চোরাই মোবাইল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইএসপিআর জানায়, ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্থায়ী পশুর হাটগুলোতে নজরদারি, শহরের গুরুত্বপূর্ণ সড়কে টহল, টিকিট কালোবাজারি প্রতিরোধ ও শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সেনা টহল কাজ করছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

জননিরাপত্তা রক্ষায় সাধারণ নাগরিকদের সন্দেহজনক কিছু দেখলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দেয়ার আহ্বান জানানো হয়েছে।

0 Comments