সিবি ডেক্স: জাতিসংঘের সঙ্গে কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর আলোচিত করিডর চালুর বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।
বুধবার (৪ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, “এই করিডর বাস্তবায়নের আগে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। এখনো এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।” তিনি জানান, দুই পক্ষের সম্মতি ছাড়া জাতিসংঘ এ নিয়ে কাজ করতে পারবে না।
এছাড়া তিনি আরও বলেন, জাতিসংঘ চায় নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন হোক, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। সেই পর্যন্ত জাতিসংঘ সরকারের সকল সহায়তামূলক কর্মসূচিতে সহযোগিতা করবে।
রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস স্পষ্ট করেন, “জাতিসংঘ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করেনি, এবং এ বিষয়ে আমাদের কোনো অবস্থান নেই।” তিনি যোগ করেন, “জাতিসংঘ নির্বাচন কমিশনকে সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহযোগিতা করে যাচ্ছে।”
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস চালুর বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, “এই অফিস শিগগিরই ছোট পরিসরে চালু হবে।” একইসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে জাতীয়ভাবে সংস্কার ও জনগণের সমর্থনের ভিত্তিতে সকল খাতকে শক্তিশালী করতে হবে।”
জাতীয় বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “এটি গণঅভ্যুত্থানোত্তর বাস্তবতা মাথায় রেখে তৈরি করা হয়েছে। মতভেদ থাকলেও এটি সময়োপযোগী।”
0 Comments