Recents in Beach

ব্রেকিং নিউজ

‘২২৫ হত্যার লাইসেন্স’ বক্তব্যে আদালত অবমাননার অভিযোগ, শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি ১৯ জুন

বিএন ডেক্স: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ মন্তব্যের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৯ জুন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (৩ জুন) শুনানিতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

আদালত সূত্রে জানা গেছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা কিংবা ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুল কেউই হাজির হননি কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। বিষয়টি উল্লেখ করে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, “এখন আইন অনুযায়ী ট্রাইব্যুনাল শাস্তি দিতে পারবে।”
আদালত অবমাননা প্রমাণিত হলে ১ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

এর আগে ২৫ মে আদালত উভয়কে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেয় এবং নির্দেশ মোতাবেক ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও আদেশ দেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত দিনে কেউই হাজির হননি।

প্রসঙ্গত, ৩০ এপ্রিল ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে শেখ হাসিনার কণ্ঠে “আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি” মন্তব্য উঠে আসে। সিআইডি ফরেনসিক পরীক্ষায় অডিওটির সত্যতা নিশ্চিত করে, যার প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হয়।

আদালতের তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনাল বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার, সদস্য হিসেবে ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী, এই আদেশ প্রদান করেন।

Post a Comment

0 Comments