সিবি ডেক্স: ঈদের ছুটিতে ঢাকা থেকে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে—এমন অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। শুক্রবার (১৩ জুন) রাত ৮টার দিকে পরিচালিত এই অভিযানে দেড় শতাধিক যাত্রীকে অতিরিক্ত নেওয়া প্রায় ৭০ হাজার টাকা ফেরত দেওয়া হয়।

অভিযানটি নেতৃত্ব দেন জয়পুরহাট অস্থায়ী সেনা ক্যাম্পের কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী। তিনি জানান, সকাল থেকে রাত পর্যন্ত জয়পুরহাট শহরের বাস কাউন্টার এবং জয়পুরহাট-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যাত্রীদের টিকিট যাচাই ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ফেরত দেওয়া অর্থের পরিমাণ (বিভিন্ন পরিবহন অনুযায়ী):

শ্যামলী পরিবহন: ৬,৫০০ টাকা

তিশা এন্টারপ্রাইজ: ৮,৫০০ টাকা

অরিন ট্রাভেলস: ১১,০০০ টাকা

পঞ্চগড় এক্সপ্রেস: ৬,০০০ টাকা

মুরাদ এন্টারপ্রাইজ: ২৭,০০০ টাকা

তানজিল এক্সপ্রেস: ২,০০০ টাকা

এসএ প্লাস বাস: ৯,০০০ টাকা

ক্যাপ্টেন তৌফিক জানান, গত তিনদিনে মোট ৫০০ যাত্রীকে অতিরিক্ত আদায় করা ১ লাখ ৪৯ হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে। তিনি বলেন, “সাধারণ যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

জনগণের পাশে সেনাবাহিনীর এই উদ্যোগ সাধুবাদ পাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে।