সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়াপাড়া এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে ঘরে ঢুকে দুই ভাইকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (২ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন আব্দুর রশিদ (১৮), আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তার বড় ভাই তাজুম উদ্দিন বাদশা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় সোমবার রাতে। মদপান নিয়ে একই এলাকার মোহাম্মদ সায়েম ওরফে জুনাইদ (২২) ও রশিদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রশিদ সায়েমের সঙ্গে থাকা কয়েকজনকে মারধর করে পালিয়ে যান। এর প্রতিশোধ নিতে মঙ্গলবার বিকালে সায়েম রশিদের ঘরে ঢুকে প্রথমে বড় ভাই তাজুম উদ্দিনকে ছুরিকাঘাত করেন। তার চিৎকার শুনে এগিয়ে এলে রশিদকেও ছুরিকাঘাত করা হয়। রশিদ ঘটনাস্থলেই নিহত হন।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত তাজুম চিকিৎসাধীন। হামলাকারী সায়েম ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে।
এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকসেবীদের দৌরাত্ম্য বাড়লেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন।

0 Comments